মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ
ছবি সংগৃহীত:
নিজস্ব প্রতিবেদক:
দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন এবং মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থা, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর-সংস্থার ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
বৈঠকে দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রণয়ন এবং মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশ করা হয়। মানুষের সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।
এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক যোগফল. কম

আপনার মতামত লিখুন