রাওয়ার তিন দিনব্যাপী বইমেলা শুরু
যোগফল প্রতিবেদক:
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত তিন দিনব্যাপী ১২তম রাওয়া বইমেলা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাওয়া প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার। এবারের বইমেলার প্রতিপাদ্য—‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি- জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি।’
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাওয়ার মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান, জি (অব.)। পরে বক্তব্য দেন রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.)।
অনুষ্ঠানে এশিয়ান এইজ-এর সম্পাদক মাহফুজুল হাসিব চৌধুরী, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আয়শা হোসেন ও শিক্ষক রূপরেখা ইয়াসমিন এবং রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ও শিক্ষক ফেরদৌসী বেগম বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল হাই শিকদার বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চা ও মননশীল সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি রাওয়ার ১৭ লেখকের ২১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। একই সঙ্গে মেলার স্পন্সর পার্টনারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। রাওয়া চেয়ারম্যানও প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
তিন দিনের এ বইমেলায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেখকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় রয়েছে মোট ৫৫টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
রাওয়া জানায়, লেখক, প্রকাশক, পাঠক ও বইপ্রেমীদের মধ্যে মেলবন্ধন তৈরি এবং রাওয়ার লেখক, তাদের পরিবার ও সন্তানদের লেখা বই পাঠকদের কাছে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মেলায় প্রতিদিন বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বইভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাগরিবের পর থাকবে অনুপ্রেরণামূলক বক্তব্য এবং লেখক ও প্রকাশকদের বই পরিচিতি পর্ব।
আগামী ১০ অক্টোবর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন