জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু
যোগফল প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জে ঢাকামুখী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ এবং এর হেলপারকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৭) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি বাস বকশীগঞ্জের ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। এ সময় উফেজা বেগম ও ফরিদা বেগম মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। বাসটি নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয় এবং বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও এর হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন