যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প
যোগফল প্রতিবেদক:
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের অবিলম্বে তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউসে আয়োজিত এক নির্বাচনি প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রচার সভায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হচ্ছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।
তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেলের দাম কমানোর প্রক্রিয়া এখনই শুরু করা উচিত।
বক্তব্যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ ও একক নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয়।
ট্রাম্পের বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধ শেষ হলে তেলের দাম কমতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করলেও প্রকৃত মূল্য কতটা কমবে, তা নির্ভর করবে সরবরাহ পরিস্থিতি, পরিবহনব্যবস্থা ও বাজারের চাহিদার ওপর।
তবে ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা কমতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকেরা।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন