পরশুরামে আগুনে পুড়ল ১৯ দোকান, ক্ষতি প্রায় ২ কোটি টাকা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ১৯টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার মালামাল ও ব্যবসার পুঁজি পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়ছেন বাজারের ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নুরুল আমিন (রবিন), মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের (মিনার), মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেনসহ অনেকে। এসব দোকানের আয় দিয়েই চলত তাদের পরিবারের সংসার। ব্যবসার পুঁজি ও মালামাল হারিয়ে এখন নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই আগুন ছড়িয়ে পড়ে এবং বেশির ভাগ দোকান পুড়ে যায়।
পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, হঠাৎ এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
বারবার আগুনে ক্ষতিগ্রস্ত বাজার
বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই রাত সাড়ে ৩টার দিকে বাজারের গোলাম আজম মার্কেটে আগুনে বীজ, চা ও মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়।
এরও আগে ২০২১ সালের ১৮ এপ্রিল রাতে মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধ, মুদি, আসবাব ও স্বর্ণের দোকানসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
একের পর এক অগ্নিকাণ্ডে ব্যবসার পুঁজি হারিয়ে সংকটে পড়ছেন বাজারের ব্যবসায়ীরা। সর্বশেষ ঘটনায় ১৯টি দোকান পুড়ে যাওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। বারবার এমন অগ্নিকাণ্ডের পর বাজারের অগ্নিনিরাপত্তা জোরদার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন