যুক্তরাজ্যের ৪৮৯ মিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে কুয়েত
যোগফল প্রতিবেদক:
ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের কাছ থেকে প্রায় ৪৮ কোটি ৯০ লাখ ডলারের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে কুয়েত। এ লক্ষ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান মার্সের সঙ্গে চুক্তি করেছে দেশটি। শুক্রবার (৯ অক্টোবর) চুক্তিটির অনুমোদনের কথা জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
চুক্তির আওতায় কুয়েতকে উন্নত রাডার, ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি, প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থা সরবরাহ করবে মার্স। এসব প্রযুক্তির মাধ্যমে ড্রোন শনাক্ত করা, সেগুলোর যোগাযোগ ও নিয়ন্ত্রণ সংকেত বিঘ্নিত করা এবং আকাশপথের বিভিন্ন হুমকি মোকাবিলা করা সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ইওএসের মালিকানাধীন মার্সের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। চুক্তিটি বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলে প্রতিষ্ঠানটির উৎপাদনকেন্দ্রে প্রকৌশল ও উৎপাদন খাতে প্রায় ১০০টি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েতের এ প্রতিরক্ষা চুক্তি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন হামলা ও আকাশপথে বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলা মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।
যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও যুদ্ধবিমান সরবরাহ করে আসছে। কুয়েতের সঙ্গে নতুন এ চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে দেশটির প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন