কামারখন্দে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে আটক ৬
বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ছয় তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঢাকা-রংপুর মহাসড়কের তালুকদার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ি এলাকার বুদ্দু আকন্দের ছেলে নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার হাসান মোল্লার ছেলে মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ি এলাকার শাহাজামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার পলাশঙ্গা যুবশিবির-সংলগ্ন এলাকায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৭ জন নেতাকর্মী একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তারা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সরে যান। পরে তাদের মধ্যে কয়েকজন পাশের তালুকদার বাজার এলাকায় প্রবেশ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে। তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন