শিবপুরে বিপুল মাদকদ্রব্যসহ ইমন গ্রেপ্তার, আন্তজেলা ডাকাত দলের সদস্য আটক
বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৪:০২ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল
আবু নাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ইমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। একই রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় সাইফুল গাজী (৩১) নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে শিবপুর উপজেলার ইটাখোলার ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর শহীদ মিনারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়ার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পুরোনো রুপালি রঙের একটি টয়োটা প্রাইভেট কারসহ ইমন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইমন মিয়া গাড়িতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে গাড়ির ব্যাগ রাখার স্থানে একটি বস্তার ভেতর থেকে ১৪৮ বোতল এসকাফ কাশির সিরাপ এবং ৫০ বোতল হাইড্রোক্লোরাইড সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-২৭-৮০৫১ নম্বরের টয়োটা প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, একই রাতে আনুমানিক ১১টা ৪৫ মিনিটে শিবপুর উপজেলার বড়ুইতলা এলাকায় যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে সাইফুল গাজী (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের নথিতে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৪ ও ৩৯৭ ধারাসহ ডাকাতিসংক্রান্ত অভিযোগের উল্লেখ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে আরও তথ্য জানতে সাইফুল গাজীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাঁকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
যোগফল অনলাইন নিউজ পোর্টাল

আপনার মতামত লিখুন