বেলকুচিতে মাটির নিচে পুতে রাখা মরদেহ উদ্ধার
বার্তা বিভাগ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল
মনজুরুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকায় সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টার সময় মাটি চাপা দিয়ে রাখা লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কয়েকজন বাসিন্দা আশে পাশে খোঁজাখুঁজি করলে সড়কের পাশে মাটি চাপা দিয়ে রাখা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উদ্ধারসংবাদের পর স্থানীয় লোকজনের ভিড়ে এক যুবক নিহত ব্যক্তিকে তার বাবা বলে দাবি করেন।
নিহত ব্যক্তির নাম মোঃ রাজ্জাক শেখ (৫০) বলে পরিচয় দেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মোঃরাজ্জাক শেখ তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। টানা তিন দিন আত্মীয়-স্বজন ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সমেশপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের ছেলে ঘটনাস্থলে গিয়ে পরনের পোশাক ও চেহারা দেখে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহুরুল হক জানান, "সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর লাশের চূড়ান্ত ও সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত হওয়া যাবে।"
পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখছে এবং অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, সে বিষয়সহ সব দিক বিবেচনায় রেখে তদন্ত চালনা করছে।

আপনার মতামত লিখুন