নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির উঠানে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিবেশীর পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করে প্রথমে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুতের সংস্পর্শে আসে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল মোয়াদ ও আরাফাত। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুতের সংস্পর্শে আসে।
পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক:

আপনার মতামত লিখুন