গাংনী সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে শেষ পর্যন্ত ওই ছয়জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এর মাত্র দুই দিনের ব্যবধানে একই উপজেলায় দ্বিতীয়বার পুশইনের চেষ্টা চালাল ভারতীয় বাহিনী।
রোববার (১১ অক্টোবর) ভোরে গাংনী উপজেলার রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক জানান, দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রতিরোধ গড়ে তোলে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল।
একপর্যায়ে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পিছু হটে বিএসএফ। পরে সকাল ৮টার দিকে ওই ছয়জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য নয়। এ সময় সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়েও দুই পুরুষ, এক নারী ও এক শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন