শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই, মামলা
যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকাবাহী প্রাইভেটকারের পথরোধ করে গুলি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’-এর মালিক মো. মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে শনিবার দিবাগত রাতে শ্রীপুর থানায় মামলাটি করেন। মামলায় ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ ২ কোটি ৩০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর হজরত আলী মুন্সীর কাছ থেকে নগদ ৪ কোটি টাকা সংগ্রহ করা হয়।
তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা টাকা একটি প্রাইভেটকারে করে শ্রীপুরের মাওনা চৌরাস্তার কার্যালয়ে নেওয়া হচ্ছিল। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে। এ সময় তারা গাড়িতে থাকা অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গাড়ির পেছনে রাখা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর প্রথমে প্রায় ৩ কোটি টাকা ছিনতাই হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে গাড়িতে থাকা অবশিষ্ট বস্তার টাকা গণনা করে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। সে হিসাবে ছিনিয়ে নেওয়া দুটি বস্তায় ছিল ২ কোটি ৩০ লাখ টাকা।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে শ্রীপুর থানা-পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন