সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন পর্যটকেরা
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুটি সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। এতে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে যাতায়াতের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে রওনা দেওয়া অনেক পর্যটক বাঘাইহাট এলাকায় আটকা পড়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।
অবরোধের সমর্থনে সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় তাঁরা যান চলাচলে বাধা দেন।
অবরোধকারীদের দাবি, জেএসএসের নামধারী একটি সন্ত্রাসী গোষ্ঠী সাজেকের আশপাশে অবস্থান করছে। তাদের সেখান থেকে সরানোর ব্যবস্থা না করা হলে অনির্দিষ্টকালের এ অবরোধ অব্যাহত থাকবে।
এদিকে সাজেকে এখন পর্যটকদের ভরা মৌসুম চলছে। প্রতিদিন মাহিন্দ্রা ও জিপে করে দুই থেকে আড়াই হাজার পর্যটক সাজেকে যাতায়াত করেন। রোববার সকালেও অনেক পর্যটক খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা হন। তবে অবরোধের কারণে তাঁরা বাঘাইহাটের পর আর এগোতে পারেননি।
পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বেলা ২টার দিকে বাঘাইহাট থেকে পর্যটকদের সাজেকের উদ্দেশে নিয়ে যাওয়ার এবং সাজেকে অবস্থানরত পর্যটকদের বেলা আড়াইটার দিকে নিরাপত্তাবাহিনীর স্কটের মাধ্যমে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
সাজেক লুইরুই হ্যালিডে রিসোর্টের ব্যবস্থাপক রাসু ত্রিপুরা বলেন, সাজেকে অবস্থানরত পর্যটকেরা বেলা আড়াইটার দিকে নিরাপত্তাবাহিনীর স্কটের মাধ্যমে সাজেক ছাড়বেন। একইভাবে সাজেকে যেতে ইচ্ছুক পর্যটকদের নিয়ে বেলা ২টার দিকে বাঘাইহাট থেকে গাড়ি ছাড়ার কথা রয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সাজেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পর্যটকবাহী গাড়িগুলো নিরাপত্তাবাহিনীর পাহারায় বেলা ২টায় সাজেক থেকে বের হবে। একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে গাড়ি রওনা দেওয়ার কথা রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন