ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামের প্রতিবেশী মুহাম্মদ আওয়ালের ঘর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হালিমা আক্তার ওই গ্রামের নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা নাছির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মুহাম্মদ আওয়ালের জমি নিয়ে বিরোধ ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত শিশুর বাবা নাছির উদ্দিন বলেন, শনিবার সকাল ৮টা থেকে তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিনভর খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আওয়ালের ঘরে তল্লাশি চালিয়ে আলনার নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় মেয়ের মরদেহ পাওয়া যায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় শনিবার মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের সঙ্গে শিশুটির বাবার জমি নিয়ে বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক আজিজ বলেন, শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিরা সকালে মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি।
ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল. কম

আপনার মতামত লিখুন