রাজবাড়ীতে পুকুরে মিলল নবজাতকের মরদেহ
যোগফল প্রতিবেদক:
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরদার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ফজলুল করীম (রহ.) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসাসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরদার বাসস্ট্যান্ড ও পাংশা কলেজ মোড়ের মাঝামাঝি এলাকার ওই পুকুরে নবজাতকের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পরপরই পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শেখ মঈনুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধারের পর নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন