জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) রাজধানীর উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক মানুষ। ‘জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি ও ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের’ অভিযোগ তুলে তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে।
বিক্ষোভকারীরা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে জি এম কাদেরের বাসভবনে হামলার অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজনকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট দিতে দেখা গেছে। তবে হামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক, যোগফল.কম

আপনার মতামত লিখুন