বাউফলে যুবলীগ নেতার ভাইয়ের সার ডিলার নিয়োগ, বিএনপির আপত্তি
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতার ভাই কাইউম হোসেন মৃধা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর ভাই আসাদ মৃধা আত্মগোপনে যাওয়ার বিষয়টি সামনে এনে এ নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ নাকচ করেছে উপজেলা কৃষি বিভাগ।
গত রোববার (১১ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কাইউম হোসেন মৃধাসহ ১৬ জনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাইউমের ভাই আসাদ মৃধা নিষিদ্ধ ছাত্রলীগের সূর্যমনি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাইউমের বাবা আব্দুর রব মৃধা একসময় নুরাইনপুর বাজারে সারের ব্যবসা করতেন। তাঁর ছেলে আসাদও ওই ব্যবসা পরিচালনা করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আসাদ আত্মগোপনে চলে যান। এরপর তাঁর ভাই কাইউম সারের দোকান পরিচালনা করছেন।
কাইউমের ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, অতীতে ওই পরিবারের সদস্যদের হাতে বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে ওই পরিবারের একজনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁরা হতাশ।
সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুরের বাসিন্দা ও বিএনপি নেতা ফুয়াদ হোসেন বলেন, “ভাবতে কষ্ট হয়, যাকে সারের ডিলার দেওয়া হয়েছে, তাঁর ভাই সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।”
ফুয়াদ হোসেনের অভিযোগ, এ নিয়োগের ফলে কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তাঁর মতে, কাইউমের ডিলারশিপ বাতিল করা উচিত। এ বিষয়ে বক্তব্য জানতে কাইউম হোসেন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
যেভাবে সম্পন্ন হয়েছে নিয়োগপ্রক্রিয়া
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘সার ডিলার নিয়োগের নিয়ম-নীতিমালা ২০২৫’ এবং ‘সার ডিলার নিয়োগ ও সমন্বিত সার ব্যবস্থাপনা ২০২৬’ অনুযায়ী ডিলার নিয়োগের জন্য জেলা কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম দফায় বাউফল থেকে ৭৩ জন আবেদন করেন। পরে আবেদনের সময়সীমা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আরও ৩৫ জন আবেদন করেন। দুই দফায় মোট ১০৮টি আবেদন জমা পড়ে।
আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য জেলা কমিটি উপজেলা কমিটির কাছে পাঠায়। উপজেলা কমিটি বিধি অনুযায়ী সরেজমিনে যাচাই করে আবেদনগুলো জেলা কমিটির কাছে ফেরত পাঠায়। পরে জেলা কমিটি প্রতিটি ইউনিয়ন থেকে তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে ইউনিয়নভিত্তিক একজন করে মোট ১৬ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়।
বাউফল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিলন বলেন, জেলা কমিটি আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা কমিটির কাছে পাঠিয়েছিল। উপজেলা কমিটি বিধি অনুযায়ী সরেজমিনে যাচাই করে সেগুলো জেলা কমিটির কাছে ফেরত পাঠিয়েছে। পরবর্তী কার্যক্রম জেলা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে সম্পন্ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে ইউনিয়নভিত্তিক নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
তুলি আক্তার /অনলাইন ডেস্ক, যোগফলকম.

আপনার মতামত লিখুন