হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত
যোগফল প্রতিবেদক:
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষে নোমান আলি (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রফিক (৪০) নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে হালুয়াঘাট উপজেলার জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী বিওপির একটি টহল দল জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চারটি গরু জব্দ করা হয়। পরে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে এর মধ্যে দুটি গরু ছিনিয়ে নিয়ে যায়।
বাকি জব্দ করা গরুগুলো নিয়ে ক্যাম্পে ফেরার পথে টহল দলের ওপর অতর্কিত হামলা চালায় চোরাকারবারিরা। এ সময় তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বিজিবি সদস্য রফিক আহত হন।
বিজিবি জানায়, হামলা প্রতিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষামূলক গুলি চালানো হয়। এতে নোমান আলি আহত হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিজিবির গুলিতে একজন নিহত হয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন