নারী-শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
যোগফল প্রতিবেদক:
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের প্রতি খেয়াল রাখা তাঁদের দায়িত্ব। তবে মেয়েরা শুধু ঘরে থাকবে—এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা, আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, অন্যায়ের শিকার হলে চুপ করে না থেকে প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কন্যাশিশুদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি সব কন্যাশিশুকে মার্শাল আর্ট শেখার আহ্বান জানান।
তিনি বলেন, নারীদের সাফল্যের সঙ্গে শুধু পরিবার নয়, দেশের অগ্রগতিও জড়িত। তাই কন্যাশিশুদের নিরাপত্তা, অধিকার ও বিকাশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন