ট্রাম্পের ঘোষণার পরও ১০৫ ডলার ছাড়াল তেলের দাম
যোগফল প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে ডিজেল কেনার ঘোষণার পরও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যায়, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ডিজেল কেনার বিষয়ে একটি চুক্তি করেছেন তিনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।
তবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার এ পরিকল্পনা মস্কোর তেল ও গ্যাস বিক্রির আয় কমাতে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। এসব আয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নে ব্যবহার করতে পারে রাশিয়া।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ছয় সিনেটরের একটি দ্বিদলীয় দল রোববার ট্রাম্প প্রশাসনকে এ পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারেও বেড়েছে তেলের দাম
সোমবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারের কিছু ওপরে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ডের দামও প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কিছু ওপরে পৌঁছায়।
ট্রাম্পের ঘোষণার পরও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেলের দাম পরবর্তী সময়ে কোন দিকে যাবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক পরিস্থিতি, সরবরাহ ও বাজারের চাহিদাসহ বিভিন্ন বিষয়ের ওপর।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন