বন্দরে পাওনা টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল বৃদ্ধার
ছডিব সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে রাসেল ও প্রতিবেশী শফিকুল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দিনগত রাতে বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির উদ্দিনের স্ত্রী।
নিহতের ছেলে জজ মিয়ার অভিযোগ, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামকে ভাঙাড়ির দুই গাড়ি মালামাল দেওয়া হয়েছিল। এ বাবদ ১০ লাখ টাকা পাওনা ছিল। সোমবার ওই টাকা পরিশোধের কথা থাকলেও সাদ্দাম নানা টালবাহানা করছিলেন।
তিনি বলেন, পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁর মা মাকসুদা বেগমকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
জজ মিয়া আরও অভিযোগ করেন, হামলাকারীদের হাত থেকে মাকে রক্ষা করতে তাঁর ভাই রাসেল ও প্রতিবেশী শফিকুল এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ হামলায় একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জন জড়িত বলে দাবি তাঁর।
পরে আহত রাসেল ও শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, নিহত মাকসুদা বেগমের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন