চবিতে জাতীয় গবেষণা উৎসব, অংশ নিচ্ছেন ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সংস্কৃতি বিকাশ, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রসার এবং গবেষক-শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬’।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
চাকসু সূত্রে জানা গেছে, তিনটি প্রধান পর্বে সাজানো হয়েছে উৎসবটি। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের স্টল প্রদর্শনী এবং দেশবরেণ্য গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে রিসার্চ টক ও প্যানেল আলোচনা।
রিসার্চ টক ও প্যানেল আলোচনায় চারটি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসায় শিক্ষা-সংশ্লিষ্ট পর্বের শিরোনাম ‘বিয়ন্ড প্রফিট: ক্যান ইয়ং এন্ট্রাপ্রেনার্স রিডিফাইন বিজনেস থ্রু সোশ্যাল ইমপ্যাক্ট?’। এতে সামাজিক প্রভাবের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা কীভাবে ব্যবসার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারেন, তা নিয়ে আলোচনা করা হবে।
সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ-সংশ্লিষ্ট পর্বের শিরোনাম ‘বিয়ন্ড দ্য ক্লাসরুম: কানেক্টিং অ্যাকাডেমিশিয়ান্স অ্যান্ড ফিউচার লিডার্স টু ট্রান্সফর্ম এডুকেশন’। এ পর্বে শিক্ষার রূপান্তরে শিক্ষাবিদ ও ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে।
জীববিজ্ঞানবিষয়ক পর্বের শিরোনাম ‘ফ্রম মলিকিউলস টু হিউম্যানিটি: হাউ ফার ক্যান বায়োসায়েন্স গো ইন শেপিং দ্য ফিউচার অব গ্লোবাল হেলথ?’। এতে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যৎ গঠনে জীববিজ্ঞানের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে, বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক পর্বের শিরোনাম ‘এআই মিটস ন্যানোসায়েন্স: আর উই রেডি ফর দ্য নেক্সট টেকনোলজিক্যাল রেভোলিউশন?’। এ পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যানোবিজ্ঞানের সমন্বয়ে সম্ভাব্য প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
উৎসবের বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসব আয়োজন করা হচ্ছে। আমাদের গবেষণায় ফিরে আসা উচিত। এখানে শিক্ষার্থীদের পোস্টার উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন গবেষকও অংশ নিয়েছেন। আয়োজনটি জ্ঞান বিনিময়ের অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করবে।
আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বাড়বে, নতুন উদ্ভাবনী ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন