ঢাবিতে গাড়িচাপায় মার্কেটিং বিভাগের ৬ শিক্ষার্থী আহত
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়িচাপায় মার্কেটিং বিভাগের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম সাদমান সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শেখার জন্য বাবার গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঘুরছিলেন সাদমান সাকিব। একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে পৌঁছালে রাস্তা দিয়ে চলাচলকারী মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন—জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল।
ঘটনার পর অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে, আহত শিক্ষার্থীদের সহপাঠীরা তাঁর বিচারের দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন। এ ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন