খুলনায় চুরির অপবাদে সাজমীর হত্যা, গ্রেপ্তার ২
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদে সাজমীর ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নগরীর মহেশ্বরপাশা ও ফুলবাড়ী গেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন আকাশ (২২) ও সাকিব (২১)। এসআরবি-৬ স্পেশাল কোম্পানি জানায়, আকাশ খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে। সাকিব দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর এক লাখ টাকা চুরির অপবাদে গ্রেপ্তার দুই আসামিসহ মামলার অন্য আসামিরা তাকে মারধর করেন।
একপর্যায়ে গুরুতর আহত সাজমীরকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যাওয়া হয়। পরে মামলার এজাহারে উল্লেখিত প্রথম ও দ্বিতীয় সাক্ষী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর সাজমীরের মৃত্যু হয়।
এ ঘটনায় সাজমীরের মা শাহানারা বেগম খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন