টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে পাশের চারতলা একটি ভবনেও। আগুনের ঘন ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনের তীব্রতা ও ঘন ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের লেলিহান শিখা অত্যন্ত তীব্র হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার পাশাপাশি পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারখানাটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন