গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গুলি করারও অভিযোগ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ারও অভিযোগ করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নওশিন জাহান বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে শাকিল ইসলাম জানান, রাত ৯টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাজারপাড়া এলাকার নুর অ্যাকাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে তিনি দৌড় দিলে দুর্বৃত্তরা তার পিছু নেন।
শাকিলের ভাষ্য অনুযায়ী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি আহত শাকিলের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আটকের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন