খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩১ আশ্বিন, ১৪৩৩

হেদায়েত তুর্কী'র ধারাবাহিক নাটক বেগম পাড়া আসছে ১৯শে অক্টোবর থেকে

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হেদায়েত তুর্কী'র ধারাবাহিক নাটক বেগম পাড়া আসছে ১৯শে অক্টোবর থেকে

ছবি যোগফল

যোগফল বিনোদন :

আগামী ১৯শে অক্টোবর থেকে প্রতি সোম,মঙ্গল ও বুধবার রাত ১০টায় একুশে টেলিভিশনে দেখা যাবে লাবণ্য মিডিয়া হাউজ এর নির্মিত জনপ্রিয় নাট্য নির্মাতা হেদায়েত তুর্কী'র রচনা ও পরিচালনায় টেকশেল নিবেদিত নতুন বাংলা ধারাবাহিক নাটক বেগম পাড়া।

একুশে টেলিভিশন ছাড়াও বেগম পাড়া নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে দেখতে পাবেন দর্শকরা।

বেগম পাড়া নাটকটিতে নাটকের রচয়িতা ও পরিচালক হেদায়েত তুর্কী পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানাবিধ অমিল তুলে ধরার পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন স্পর্শকাতর বাস্তবমুখী বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বিশেষ করে কীভাবে ক্ষমতার অপব্যবহার করে এদেশের প্রভাবশালী রাজনীতিবিদ, সরকারি আমলা ও বড় ব্যবসায়ীরা কালো টাকার পাহাড় গড়ে তোলেন, সেই চিত্রটিই এতে অত্যন্ত সাহসিকতার সাথে সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন  পরিচালক।

দীর্ঘ এই ধারাবাহিক নাটকে অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ঐন্দ্রিলা,ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া,তানহা শামস নওমী, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ,শাহীন আহমেদ রাজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা ও যায়েদ ইবনে মুবিয়া।

ধারাবাহিক নাটক বেগম পাড়ার প্রথম লটের শুটিং হয়েছে ঢাকার মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজে এবং দ্বিতীয় লটের শুটিং গত সপ্তাহে কক্সবাজার এর সমুদ্র সৈকতে করে আসলেন বেগম পাড়ার টিম।

বেগম পাড়া নাটকে হেদায়েত তুর্কী'র সাথে সহকারী পরিচালক হিসাবে ছিলেন সৈয়দ নুরুজ্জামান,রাহুল রাজু,শাহীন আহমেদ রাজ এবং বাইজিদ আহমেদ।
সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথিয়া সুলতানা এবং লাবণ্য মিডিয়া হাউজের কো-অর্ডিনেটর মুজাদ্দিদ হোসেন অনুরাগ।

নাটকটি নিয়ে পরিচালক হেদায়েত তুর্কী' বলেন বেগম পাড়া নাটকটি পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত এই নাটকে ৭ বছর থেকে শুরু করে ৭০ বছরের অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। আমার এই নাটকে আমি সমাজের বাস্তব কিছু চিত্র গল্পের মাধ্যমে আমার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।আশা করি আমাদের বেগম পাড়া নাটক দর্শকদের ভালো লাগবে।

লাবণ্য মিডিয়া হাউজ এর কর্ণধার সিনথিয়া সুলতানা বলেন আমাদের বেগম পাড়া নাটক বর্তমান সময়ের নাটকের থেকে ভিন্ন একটা গল্প নিয়ে নির্মিত এমন গল্পে বাংলাদেশে আগে কোন নাটক নির্মিত হয়নি আশা করি আমাদের নাটকটি দর্শক দেখবে দর্শকদের ভালো লাগবে।

বেগম পাড়া নাটকের সহকারী পরিচালক শাহীন আহমেদ রাজ বলেন বেগম পাড়া নাটকে দর্শক ভিন্ন একটা গল্প দেখতে পাবে তাদের চোখের অন্তরালে এদেশের রাজনীতিবিদরা কিভাবে কালো টাকার পাহাড় গড়ে তুলে বিদেশের মাটিতে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলে এমন অনেক অজানা তথ্য নিয়ে নির্মিত আমাদের এই নাটক।আমি আমাদের দর্শদের কে অনুরোধ করবো আপনারা আমাদের বেগম পাড়া নাটকটি দেখবেন।

বেগম পাড়া নাটকে স্পন্সর হিসাবে আছেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান টেকশেল,এস এম মাগুরা রিয়েল স্টেট কোম্পানি লিমিটেড এবং লাবণ্য ফ্যাশন।

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি রান্নার মসলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন স্বজনরা। তিনি বাসে করে ঢাকায় ফিরছেন। বাসায় ফেরার পর তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুর গিয়েছিলেন এবং নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে তার সন্ধান চেয়ে স্ত্রী ড. কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং এ সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে ককটেলগুলো নিক্ষেপ করে।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় বা আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম