কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
ছবি সংগৃহতি
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছেলে মুত্তাকীন আলম শোভনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বাবা সরদার আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হয়ে পড়ায় শোভনকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
এ অবস্থায় মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাঁদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে মাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবাকেও ছুরিকাঘাত করেন তিনি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান শোভন।
পরে স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত শোভন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন