সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ গ্রেপ্তার ২
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ দুজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় একটি কাটিং ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউস বোট, বালু পরিবহনের এক হাজার ফুট পাইপ এবং সদ্য উত্তোলিত ৭ হাজার ৫০০ ঘনফুট বালু ও মাটি জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির আওতাধীন ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এ খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নৌ-পুলিশের টহল দলের ইনচার্জ এসআই আক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল কারিগর, প্রকৌশলীসহ কয়েকজন পালিয়ে যান।
পলাতক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহীর বাগমারা থানার বসন্তপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ড্রেজার প্রকৌশলী আবু মুকিত শুভ (৪৫) এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে লিভারম্যান শাহ আলম। এ ছাড়া চঞ্চল, জাহাঙ্গীর, এনামসহ আরও দুই থেকে তিনজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ‘এম-০১-২৬২২’ নম্বরের একটি কাটিং ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউস বোট, বালু বহনের এক হাজার ফুট পাইপ এবং সদ্য উত্তোলিত ৭ হাজার ৫০০ ঘনফুট বালু ও মাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত এবং পালিয়ে যাওয়া অন্য ব্যক্তিদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন