চকরিয়ায় সংঘর্ষ থামাতে গিয়ে বিএনপি নেতা হামলার শিকার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ নয়ন। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার বেলালের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ নয়ন চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। তিনি উত্তর কাহারিয়াঘোন এলাকার খন্দকার পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান বিএনপি নেতা মোহাম্মদ নয়ন। অভিযোগ, তখনই আলী হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করে।
হামলায় গুরুতর আহত নয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, “আমি কোনো পক্ষের লোক নই। দুই পক্ষের সংঘর্ষ থামাতে এবং পাড়ার পরিবেশ শান্ত রাখতে মানবিক কারণে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু যুবলীগ নেতা আলী হোসেন আমার ওপর অতর্কিত হামলা চালান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে আলী হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পৌরসভা এলাকায় মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন