খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক, ১৪৩৩

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য মোটরসাইকেল মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করে দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি মোটরসাইকেলের সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটে অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত অনুসরণ করে নম্বরপ্লেট তৈরি ও সংযোজন করতে হবে।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি রান্নার মসলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন স্বজনরা। তিনি বাসে করে ঢাকায় ফিরছেন। বাসায় ফেরার পর তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুর গিয়েছিলেন এবং নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে তার সন্ধান চেয়ে স্ত্রী ড. কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং এ সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে ককটেলগুলো নিক্ষেপ করে।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় বা আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম