খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক, ১৪৩৩

অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম‘কে ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম‘কে ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

আজ সকাল ১১ টায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন ও গাছের চারা বিতরণ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসহায় ও গরীব ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। 

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সাধারণ জনগণের স্বস্তি নিশ্চিতের রাজনীতি করে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের গ্যাস বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা গ্রহণ করতে হবে। 

মন্ত্রী বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের ভুয়সী প্রশংসা করেছেন। 

উপস্থিত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের আইন শৃংখলা রক্ষায় রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি থাকবে। কিশোর কিশোরীদের পড়াশুনার পাশাপাশি খেলার মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। 

বক্তব্য শেষে মন্ত্রী উপস্থিত ব্যক্তিবর্গের কাছে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সফল হওয়ার দোয়া কামনা করেন। এর আগে বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করেন মন্ত্রী। এসময় উপজেলা প্রাঙ্গণে তিনি একটি বৃক্ষ রোপণ করেন।  

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীগণসহ স্থানীয় বি এন পির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি রান্নার মসলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৈয়দপুরে সন্ধান মিলল ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন স্বজনরা। তিনি বাসে করে ঢাকায় ফিরছেন। বাসায় ফেরার পর তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি সৈয়দপুর গিয়েছিলেন এবং নিজেই বাসে করে ঢাকায় ফিরছেন। ঢাকায় ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দুলাল কান্তি ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে ওষুধ কেনার কথা বলে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে তার সন্ধান চেয়ে স্ত্রী ড. কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে কী কারণে তিনি সৈয়দপুরে গিয়েছিলেন এবং এ সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে ককটেলগুলো নিক্ষেপ করে।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় বা আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম