পরকীয়া দেখে ফেলায় ৫ বছরের সন্তানকে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার সোনাতলায় মায়ের সঙ্গে এক যুবকের আপত্তিকর অবস্থা দেখে ফেলায় পাঁচ বছর বয়সী সন্তান ইউসুফ আলীকে হত্যার অভিযোগ উঠেছে রিনি বেগম (২৪) নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিশুটির সৎবাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রিনি বেগম হত্যার দায় স্বীকার করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে, নিখোঁজের চার দিন পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাতলা উপজেলার বালুয়াহাট গ্রামের একটি ধানক্ষেত থেকে ইউসুফের ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় তার মাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও জবানবন্দি সূত্রে জানা যায়, ইউসুফের মা রিনি বেগমের সঙ্গে তার প্রথম স্বামী পলাশ মিয়ার প্রায় দেড় বছর আগে বিচ্ছেদ হয়। পরে তিনি দ্বিতীয় বিয়ে করে সোনাতলার বড় বালুয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। শিশু ইউসুফ মায়ের সঙ্গেই থাকত।
অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় সংসারে থাকাকালে সজল নামের স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রিনি। ওই যুবক মাঝেমধ্যে তাদের বাসায় আসতেন। গত ১০ অক্টোবর সজলের সঙ্গে রিনিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশু ইউসুফ। বিষয়টি অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় ওই রাতেই সজলকে সঙ্গে নিয়ে পাশের একটি বাগানে শিশুটিকে হত্যা করেন রিনি। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনা আড়াল করতে রিনি গত ১২ অক্টোবর সোনাতলা থানায় ইউসুফ নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানা গেছে। পরে ১৪ অক্টোবর স্থানীয়রা বাসার পাশের ধানক্ষেতে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা।
এ ঘটনায় নিহত শিশুর বাবা পলাশ মিয়া বাদী হয়ে রিনি বেগম ও তার কথিত প্রেমিক সজলকে আসামি করে সোনাতলা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সজলের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন