বগুড়ায় শিশু ইউসুফ হত্যা: আদালতে ১৬৪ ধারায় মায়ের স্বীকারোক্তি
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটে পাঁচ বছর বয়সী শিশু ইউসুফকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখার ঘটনায় তার মা রিনি বেগমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার একটি ধানক্ষেত থেকে শিশু ইউসুফের অর্ধগলিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
শিশু ইউসুফ উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াহাটে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত ১১ অক্টোবর বিকেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর নিহতের বৈমাত্রেয় বাবা উজ্জ্বল হোসেন সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে ১৪ অক্টোবর তাদের ভাড়া বাসার পাশের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে শিশুটির মা রিনি বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে ১৫ অক্টোবর তাকে আদালতে পাঠানো হলে তিনি বিচারকের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সোনাতলা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন