তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
যোগফল প্রতিবেদক:
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুন তাজমিন হত্যা মামলার ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। স্থানীয় এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।
শুক্রবার রাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, প্রতারণার মাধ্যমে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসেন রাজু। গত ৬ অক্টোবর তারা একটি হোটেলের কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে রাতযাপন করেন। তার অভিযোগ, ভালোবাসার অভিনয় করে কক্সবাজারে এনে তাজমিনকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিবেকের তাড়নায় তিনি মামলাটি করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে আইনজীবী আদালতকে তাজমিনের বয়সের বিষয়টিও অবহিত করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, রাজু প্রতারণা করে তাজমিনকে কক্সবাজারে না আনলে পরবর্তী সময়ে এমন করুণ পরিণতির ঘটনা নাও ঘটতে পারত।
এর আগে গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন