ফেনীতে মাদক সেবনের অভিযোগে দুই ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৪
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ফেনীর সোনাগাজীতে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ছাত্রদল সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাগাজীর বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান (২৭), বখতারমুন্সি মাদরাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন (২২), বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৯) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকার আবদুল মোমিন ভূঁইয়ার ছেলে মোকাদ্দেস ভূঁইয়া তারেক (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক একজন প্রবাসী।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সঙ্গেও জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের ফল জানা যায়নি।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নূর বলেন, আটক দুই ছাত্রদল সভাপতি অপরাধী কি না, তা তাঁর জানা নেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন। উপজেলা কমিটি না থাকায় অনেক কিছুই এখন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে তদন্ত করা হবে। যথাযথ প্রমাণের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম বলেন, আটক চারজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা হয়েছে। তাঁদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করানো হলে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন