স্ত্রীর ভিডিও ধারণে নিষেধ করায় সিলেটে পরিচ্ছন্নতাকর্মী হত্যা, গ্রেপ্তার ৩
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে বিরোধের জেরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
নিহত হৃদয় কুমার হরিজন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার আসামি ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে পুলিশ কমিশনার বলেন, গত ১১ অক্টোবর রাতে ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে হৃদয় হরিজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় তাঁকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় গত ১২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এক নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন