অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
যোগফল প্রতিবেদক:
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশের ফাঁকা স্থান থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা স্থানে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি নিচে পড়ে যান, তা খতিয়ে দেখা হচ্ছে।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন। পরে মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।
এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সকালে সাবেক অতিরিক্ত সচিব তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।
ডিসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়েছে। এ কারণে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের মামাতো ভাই নাজমুল হাসান মিলন জানান, মোশাররফ হোসেন চোখে খুব কম দেখতেন। ঘটনার দিন তিনি লিফট খুঁজে পাচ্ছিলেন না। একবার সিঁড়ি দিয়ে নামছিলেন, আবার ওপরে উঠছিলেন। এ সময় বৈদ্যুতিক তার ওঠানোর জন্য রাখা একটি ফাঁকা জায়গা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের ধারণা।
তিনি আরও জানান, তারা সিসিটিভি ফুটেজ দেখেছেন। বয়স বিবেচনায় ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফিরলে মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন