চাটখিলে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে নিখোঁজ, চার দিন পর কুমিল্লায় উদ্ধার ব্যবসায়ী
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর চাটখিলে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ ব্যবসায়ী মো. ফোরকান উদ্দিনকে চার দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে কুমিল্লার লালমাই বাজারের পাশে তাঁকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানিয়েছে পরিবার। তবে উদ্ধারের পর নিখোঁজ থাকার সময় কী ঘটেছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না তিনি।
ফোরকান উদ্দিন চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের ছফর আলী মিছাব বাড়ির রুহুল আমীন মাস্টারের তৃতীয় সন্তান।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর (সোমবার) সকালে উত্তর মোহাম্মদপুর শান্তির হাট ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ১৬ লাখ ৭০ হাজার টাকার একটি চেক ও ছেঁড়া ৫ হাজার ১০০ টাকা দিয়ে ফোরকান উদ্দিনকে চাটখিল ইসলামী ব্যাংকের মূল শাখায় পাঠানো হয়। সেখান থেকে তিনি মোট ১৬ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা উত্তোলন করেন। দুপুর ১টা ৩২ মিনিটের দিকে তাঁকে ব্যাংক থেকে টাকা নিয়ে বের হতে দেখা যায়। ব্যাংকের সিসিটিভি ফুটেজেও বিষয়টি ধরা পড়েছে।
জানা গেছে, ব্যাংক থেকে বের হয়ে এলাকায় ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ফোরকান উদ্দিন। ওই অটোরিকশায় আগে থেকেই দুজন যাত্রী ছিলেন। পথে আরও একজন যাত্রী ওঠেন। এরপর তাঁকে চেতনানাশক বা অন্য কোনো পদার্থ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কাছারি বাজারে পৌঁছানোর পর থেকে আর কোনো ঘটনা মনে করতে পারছেন না তিনি।
এ ঘটনায় ব্যাংক এজেন্ট শাখার ইনচার্জ মো. সিরাজ উল্যা বাদী হয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন।
ফোরকান উদ্দিনের ছোট ভাই সুজন তাঁর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোররাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁর ভাইয়ের অবস্থান জানানো হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত কুমিল্লার লালমাইয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ থাকার চার দিনে তাঁর সঙ্গে কী ঘটেছিল এবং ব্যাংক থেকে উত্তোলন করা টাকা কোথায় গেছে, সে বিষয়ে এখনো কিছু মনে করতে পারছেন না ফোরকান উদ্দিন। পরিবারের দাবি, এ সময় তাঁকে মারধর করা হয়েছে। শারীরিক ও মানসিকভাবে তিনি এখনো অসুস্থ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ব্যবসায়ী ফোরকান উদ্দিনকে উদ্ধারের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকায় এখনই ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। টাকা উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন