বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত আনল বিজিবি
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি ওই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আনা দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল রহিত দেওয়ান ও এএসআই মো. ইমরান হোসেন দয়। তাঁরা ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত রয়েছেন।
হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
এর আগে, সীমান্ত এলাকায় মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে ওই দুই পুলিশ সদস্য আটক হন বলে জানা গেছে। পরে সীমান্ত এলাকার মাদক কারবারি ও স্থানীয় ভারতীয়রা তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন