কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর খালে ব্যাগবন্দী শিশুর মরদেহ, খালু আটক
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রাইয়ান নিখোঁজের দুই দিন পর ব্যাগবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা খাল থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার খালু আল-আমীনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, রাইয়ানকে হত্যার সঙ্গে তার আপন খালু আল-আমীন জড়িত। তবে এ অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।
নিহতের চাচাতো দাদা নূরমোহাম্মদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। শনিবার সকালে রাইয়ানের মামা নৌকা নিয়ে বাড়ির পেছনের খালে তল্লাশি চালাচ্ছিলেন। একপর্যায়ে খালে কালো রঙের একটি ব্যাগ ভাসতে দেখেন তিনি। ব্যাগটির ওপর মাছি উড়তে দেখে সন্দেহ হলে সেটি তুলে খোলেন। এ সময় ব্যাগ থেকে রক্ত বেরিয়ে আসে।
স্থানীয়রা জানান, ব্যাগটি তীরে তোলার পর সামান্য বাঁধন খুলতেই শিশুটির পা বেরিয়ে আসে। চারদিকে ছড়িয়ে পড়ে পচা দুর্গন্ধ। শিশুটির মাথা তখনো ব্যাগের ভেতরে ছিল।
পরিবারের সদস্যদের অভিযোগ, এ হত্যাকাণ্ডে রাইয়ানের আপন খালু আল-আমীন জড়িত। ঘটনার দিন ভোরে তাঁকে গামছা পরা অবস্থায় দেখা গেছে বলেও দাবি করেছেন স্বজনেরা। তবে অভিযোগের বিষয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর নিজ বাড়িতে বাবা রাসেল খানের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল ১০ মাস বয়সী রাইয়ান। এ সময় তার মা ঘরের বাইরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ কুকুরের ডাক শুনে ঘরে ফিরে ছেলেকে আর খুঁজে পাননি তিনি।
এ ঘটনায় ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে কলাপাড়া থানায় তাঁর বোনের স্বামী আল-আমীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাঁকে আটক করে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন