সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত আরেকজন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আলী আহমদ। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
এদিকে, এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, অলিনগর এলাকায় তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওনের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। একপর্যায়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করার পর তারেক হোসেন বাপ্পিকে গুলি করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত তাফসির আলম শাওনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতা মো. মামুন হোসেনের দাবি, স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। নিহত তারেক হোসেন বাপ্পি ও আহত তাফসির আলম শাওন দুজনই যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তবে হামলার কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন