রংপুরে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, আদালতের আদেশে কারাগারে
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের ওমর আলী ও দিনাজপুরের মিথুল ইসলাম। মিথুল রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। অন্যদিকে, ওমর আলী আগেও মাদকসহ আটক হয়েছিলেন। ওই ঘটনায় তিনি চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের একটি কক্ষে ওই দুই ব্যক্তিকে পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৯টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক সেবনের পাইপ, গ্যাস লাইট ও ফয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আটক দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, আটক দুই পুলিশ সদস্যের মধ্যে একজন চাকরি থেকে বরখাস্ত রয়েছেন। অন্যজন রংপুর পুলিশ লাইন্সে কর্মরত। মাদক মামলায় দুজনকে সরাসরি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন