পুজোর তিন দিন কাজ থেকে ছুটি নিচ্ছেন সন্দীপ্তা, কাটাবেন পরিবারকে নিয়ে
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
পুজো মানেই ছোটবেলার অসংখ্য স্মৃতির রোমন্থন। ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের কাছেও দুর্গাপুজোর দিনগুলোর আবেদন আলাদা। তবে তার মতে, সবচেয়ে বড় আনন্দ হলো মা আসার আগের সেই প্রতীক্ষার অনুভূতি। কাজের ব্যস্ততায় এখনও নিজের মতো করে পুজো উপভোগ শুরু করতে না পারলেও অষ্টমীর পর কাজ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি।
সন্দীপ্তা জানিয়েছেন, মা-বাবা ও স্বামী সৌম্য মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে পুজোর দিনগুলো কাটাতে চান তিনি। অষ্টমী, নবমী ও দশমী—এই তিন দিন কোনো কাজ রাখবেন না। ব্যস্ত কর্মজীবনের বাইরে পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোই হবে তার মূল পরিকল্পনা।
পুজো মানেই নতুন পোশাক আর কেনাকাটার আনন্দ। সারা বছর টুকটাক কেনাকাটা চললেও পুজোর বাজার করা সন্দীপ্তার কাছে আবশ্যিক। অনলাইন কেনাকাটায় খুব একটা স্বচ্ছন্দ নন তিনি। বরং দোকানে ঘুরে পোশাক ভালোভাবে দেখে, ট্রায়াল দিয়ে কেনাকাটা করতেই বেশি পছন্দ করেন। যদিও মাঝেমধ্যে অনলাইনেও কেনাকাটা করেন।
মা-বাবাকে সঙ্গে নিয়ে বাজারে যাওয়াও তার কাছে পুজো উদ্যাপনের অন্যতম অংশ। মায়ের পাশাপাশি স্বামী সৌম্যর সঙ্গেও কেনাকাটা করতে গিয়েছেন তিনি। প্রতি বছরই এই মুহূর্তগুলো তার কাছে বিশেষ আনন্দের হয়ে ওঠে।
কাজের প্রয়োজনে সারা বছর ক্যামেরার সামনে থাকতে হয় সন্দীপ্তাকে। এ জন্য নানা নিয়ম মেনে চলার পাশাপাশি ডায়েটের প্রতিও মনোযোগী থাকতে হয়। তবে পুজোর কয়েকটা দিন এসব নিয়মের কড়াকড়ি রাখতে চান না তিনি। মনভরে খাওয়াদাওয়া, রাত জাগা আর আড্ডার মধ্য দিয়ে পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন এই অভিনেত্রী।
ব্যস্ততা, কাজের নিয়ম আর দৈনন্দিন রুটিনের বাইরে সন্দীপ্তার কাছে দুর্গাপুজো তাই শুধু উৎসব নয়; বরং প্রিয়জনদের সঙ্গে স্মৃতি তৈরি করা, নিজের মতো করে বাঁচা এবং ছোটবেলার আনন্দ ফিরে পাওয়ার বিশেষ উপলক্ষ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন