খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক, ১৪৩৩

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আইসিইউতে মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আইসিইউতে মৃত্যু

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় আবু কাউসার (৪৩) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আবু কাউসার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তাদের বাড়ি একই ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তাদের বেশ প্রভাব রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধু শামীমের নদীর পাড়ে কেনা জমি দেখতে গিয়েছিলেন কাউসার। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

নিহতের বড় ভাই কবির হোসেন জানান, কাউসারের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সেখানে তার ময়নাতদন্ত চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে  মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন

ছবি যোগফল প্রতিনিধি

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাত হারালেন বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা (৩০)।

তিনি জেলার কাশিয়ানী উপজেলার ধলগ্রামের হোসেন আলী মোল্লার ছেলে। তাঁর ডান হাতটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জ শহরে থেকে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা  মোটর সাইকেলে করে  কোটালীপাড়া যাচ্ছিলেন ।  

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি নামকস্থানে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসিবুরের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তব্যরত চিকিতসক ডাঃ সাব্বির হোসেন বলেন, এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপোতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন

ছবি যোগফল প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া গভীর রাতে পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে। আটক নয়জনকে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত আনসার গাজীর ছেলে আনারুল ইসলাম ওরফে কালু (৪৪)-এর বাড়ি থেকে মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়। আটক অন্য দুজন হলেন একই এলাকার মৃত সুবান সানার ছেলে এরশাদ সানা (২৮) এবং নগর শ্রীরামপুর এলাকার মনিরুল মাস্টারের ছেলে আলিমুল ইসলাম (২৩)। পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গভীর রাতে পাইকগাছা পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেরদাউস গাজী (২২), হাসান গাজী (২৬), আশিকুর রহমান সুজন (২৬), মো. রাকিব (২০), মো. শাহিন শেখ (২৮) ও মো. রাকিব (২৩) নামের আরও ছয়জনকে আটক করা হয়।

পাইকগাছা থানার (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, গভীর রাতে পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ছয়জনসহ মোট নয়জনকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি যোগফল প্রতিনিধি

এম জালাল উদ্দীন | খুলনা জেলা প্রতিনিধি 

খুলনার পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক মুখ্য উপদেষ্টা ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম, ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর জামাতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস শাহ, নবলোকের প্রকল্প কর্মকর্তা ফারহানা আক্তার, ফ্রেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা সমরশ্বর সিনহাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। 

সভায় সংশ্লিষ্টরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।