খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক, ১৪৩৩

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’, টেলিভিশন চ্যানেলের ওপর ক্ষুব্ধ পরীমণি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’, টেলিভিশন চ্যানেলের ওপর ক্ষুব্ধ পরীমণি

যোগফল প্রতিবেদক: 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। তাঁর অভিযোগ, একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর স্বাভাবিক জীবন, পেশাগত কাজ ও মানসিক শান্তি ব্যাহত হচ্ছে।

ভিডিও প্রকাশের ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করে দায় এড়ানো যায় কি না, সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, ভিডিওটি আগে থেকেই অনলাইনে থাকলেও টেলিভিশন চ্যানেলটির পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে তাঁকে নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজ হ্যাক করে ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশও করে তারা।

তবে চ্যানেলটির দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন পরীমণি। তাঁর অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে স্বাভাবিকভাবে পোস্ট করতে পারছেন না তিনি। এমনকি তাঁর সন্তানদের ছবিতেও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে।

শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। পরে তিনি লাইভটি মুছে দেন। শনিবার সকালে একটি স্ট্যাটাসে লাইভ মুছে দেওয়ার কথা জানান। পাশাপাশি নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে টেলিভিশন চ্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই চিত্রনায়িকা।

স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘ডিয়ার ... টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’

নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর প্রভাব তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না। হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’

এ ঘটনায় কী করবেন, তা নিয়েও হতাশা প্রকাশ করেন পরীমণি। তিনি লেখেন, ‘কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর।’

ভিডিও প্রকাশের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্যের প্রসঙ্গ টেনে পরীমণি লেখেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জীবন, সামাজিক মর্যাদা ও পেশাগত কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এর আগে একই নির্মাতার ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে  মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দেহ থেকে হাত বিচ্ছিন্ন

ছবি যোগফল প্রতিনিধি

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাত হারালেন বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা (৩০)।

তিনি জেলার কাশিয়ানী উপজেলার ধলগ্রামের হোসেন আলী মোল্লার ছেলে। তাঁর ডান হাতটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জ শহরে থেকে বিক্রয় প্রতিনিধি হাসিবুর মোল্লা  মোটর সাইকেলে করে  কোটালীপাড়া যাচ্ছিলেন ।  

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি নামকস্থানে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসিবুরের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তব্যরত চিকিতসক ডাঃ সাব্বির হোসেন বলেন, এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপোতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন

ছবি যোগফল প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া গভীর রাতে পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে। আটক নয়জনকে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত আনসার গাজীর ছেলে আনারুল ইসলাম ওরফে কালু (৪৪)-এর বাড়ি থেকে মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়। আটক অন্য দুজন হলেন একই এলাকার মৃত সুবান সানার ছেলে এরশাদ সানা (২৮) এবং নগর শ্রীরামপুর এলাকার মনিরুল মাস্টারের ছেলে আলিমুল ইসলাম (২৩)। পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গভীর রাতে পাইকগাছা পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেরদাউস গাজী (২২), হাসান গাজী (২৬), আশিকুর রহমান সুজন (২৬), মো. রাকিব (২০), মো. শাহিন শেখ (২৮) ও মো. রাকিব (২৩) নামের আরও ছয়জনকে আটক করা হয়।

পাইকগাছা থানার (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, গভীর রাতে পৌর এলাকায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ছয়জনসহ মোট নয়জনকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি যোগফল প্রতিনিধি

এম জালাল উদ্দীন | খুলনা জেলা প্রতিনিধি 

খুলনার পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক মুখ্য উপদেষ্টা ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম, ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর জামাতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সুশীলনের উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস শাহ, নবলোকের প্রকল্প কর্মকর্তা ফারহানা আক্তার, ফ্রেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা সমরশ্বর সিনহাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। 

সভায় সংশ্লিষ্টরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।