মির্জাপুরে অজ্ঞাত গাড়ির চাপায় দুই কিশোর নিহত
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় রুদ্র (১৪) ও ঝলক (১৫) নামে দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে। অন্যদিকে ঝলক গাজীপুরের সফিপুরের নস্করচালা গ্রামের পঞ্চুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা শেষে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন