সাতকানিয়ায় বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে তরুণ নিহত, গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধ মীমাংসার বৈঠকে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোহান উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে। গ্রেপ্তার রোহান একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার ওসমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার রাতে কেরানিহাট সিটি সেন্টারে দুই পক্ষ আলোচনায় বসে। বৈঠকের একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় হামিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন রোহান বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হামিম।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত রোহানকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কেরানিহাট সিটি সেন্টারে ছুরিকাঘাতে এক তরুণ গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন