নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
আটক সাদিয়া আক্তার (২২) নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়াসহ একটি চক্র ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে কুড়পার এলাকায় এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন সাদিয়াকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে থানায় নেওয়া হয়।
পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাদিয়া তার কাছ থেকে টাকা নেন। এ ছাড়া আরও তিনজনের কাছ থেকেও টাকা নিয়ে কার্ড করে দেওয়ার কথা বলেছিলেন তিনি। বিকেলে আরেক নারীর কাছ থেকে দেড় হাজার টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।
সাদিয়া আক্তার এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান। তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয়রা সাদিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন