চট্টগ্রামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবক গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন তিনি।
পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন শহিদুল। পাশাপাশি নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিং পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া ‘Mohammad Sahidul Islam’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায়ই তার কথা হতো।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন